চুয়াডাঙ্গার দামুড়হুদার বারাদি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার বেলা ১১টার দিকে বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারীর নাম রিমন হোসেন (২৭)। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, ভারত সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহলদল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।
এ সময় সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীরের বিভিন্ন অংশ তল্লাশি চালিয়ে পায়ের জুতার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, উদ্ধার হওয়া ১০ স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকার বেশি।